• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম


পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা জানাল সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ১১:৫৭ পিএম

দেশের পুলিশিং ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করতে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা এবং অবসরের সময় বিশেষ পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় এসব পরিকল্পনার কথা জানানো হয়।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের পর এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক (ইন্সপেক্টর) পদ পর্যন্ত যেসব পুলিশ সদস্য অতিরিক্ত সময় দায়িত্ব পালন করবেন, তাদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার।

তিনি আরও জানান, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় হাসপাতালগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়টিও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

সভায় আরও জানানো হয়, দীর্ঘদিন একই পদে চাকরি করে অবসরে যাওয়া সদস্যদের মনোবল বাড়াতে ‘অনারারি পদোন্নতি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে কনস্টেবল পদ থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে।

এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের আবাসন সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও সভায় আলোচনা হয়।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এবারের পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্ণিল পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের পরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে আয়োজিত এবারের পুলিশ সপ্তাহ বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের দাবির পর ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

/এসএন