• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম


দেশে আরও ৫ নতুন উপজেলা, বগুড়া পেল সিটি করপোরেশন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১০:০৯ পিএম

সরকার বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিকার বৈঠকে অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলোর মধ্যে রয়েছে— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এনে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

/এসএন