• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ এএম


সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ আজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৬:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় আইন অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, বৃহস্পতিবার কমিশনে তালিকা উপস্থাপনের পর গেজেট প্রকাশ করা হবে। এরপর শপথ আয়োজনের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটের রয়েছেন ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী।

বিএনপির নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তারসহ আরও অনেকে। এছাড়া রয়েছেন ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। একইসঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে সুলতানা জেসমিন জুঁইয়ের মনোনয়নও বৈধতা পেয়েছে।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং তারা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।