ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বের করেছে পুলিশ। এ ঘটনায় বড় ছেলে সোহান হোসেন গ্রেপ্তার হয়ে আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, একই মেয়েকে ভালোবাসাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রথমে ছোট ভাই সাকিব হোসেনকে হত্যা করেন সোহান। পরে ঘটনাটি জানতে পারায় নেশাগ্রস্ত বাবাকে বাড়ির পাশের রেললাইনে ফেলে রেখে আসেন, যাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু নিশ্চিত হয়।
এর আগে টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ১৮ বছর বয়সী সাকিবের রক্তাক্ত মরদেহ। একই সময় পাশের রেললাইন থেকে উদ্ধার করা হয় বাবা সোহেল হোসেনের মরদেহ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, খালাতো বোনের সঙ্গে সোহানের বিয়ের কথা চলছিল। তবে ওই মেয়ের সঙ্গে ছোট ভাই সাকিবের সম্পর্ক থাকায় ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটায় সোহান।
পুলিশের জিজ্ঞাসাবাদে সোহান হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, নিহত সোহেল হোসেন প্রবাসে কর্মরত ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি দুই ছেলেকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় বসবাস করতেন।