বহুল আলোচিত ও দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখনো উৎপাদনে যেতে পারেনি, যদিও নির্মাণকাজ শেষ করার সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়েছে।
তবে নতুন অগ্রগতির অংশ হিসেবে কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানোর জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রকল্পটি উৎপাদনের চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, শিগগিরই প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে এবং এতে কেন্দ্রটির মূল কার্যক্রম চালু হবে। তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন।
তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে সময় লাগবে। তাদের ধারণা, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে আরও ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে।