সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যে দেশেই থাকুন না কেন, সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। এ সময় তিনি প্রবাসীদের বিদেশে বসবাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির ফাঁসির আদেশের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে বিষয়টি সম্পর্কে তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের নিজস্ব একটি আইনি কাঠামো রয়েছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ গুরুতর অন্যায় করলে সংশ্লিষ্ট আইনের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হয়।
শামা ওবায়েদ আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রম উইং থেকে একটি বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় বলা হয়েছে, দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। ওই আইনের ভিত্তিতেই আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য পায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ কারণে ওই দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে সরকার।
/এসএন