শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস চলবে। এ জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো এই বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হচ্ছে।
বিআরটিসি জানিয়েছে, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশেষ বাস সার্ভিসটি চালু থাকবে। এ উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে সংস্থাটির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি এবং বাস রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয়েছে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলার মধ্যে এবং আন্তজেলা রুটে যাত্রী পরিবহনের জন্য ২০০টি বাস প্রস্তুত করা হয়েছে। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষ বাস সার্ভিস পরিচালনার জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব বাস যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে।
‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’-এর সেবা গ্রহণ কিংবা এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বরগুলো হলো: টেলিফোন—০২৪১০৫৩০৪২, মোবাইল—০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।
/এসএন