• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম


আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের জে’ল, ৩১ লাখ টাকার সম্পদ বাজে’য়াপ্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৭:০৯ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী দেলোয়ার জাহান রুমি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত সিয়ামকে চার বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এই জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

সিয়াম হলেন পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। একসময় তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। গত বছরের ৫ জানুয়ারি তিনি এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তে তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এরপর গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ১৩ সেপ্টেম্বর। বিচার চলাকালে আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

গত ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। সেই নির্ধারিত দিনেই আদালত মামলার রায় ঘোষণা করেন।

/এসএন