প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান হিসেবে নিয়মিত প্রটোকলের পাশাপাশি তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন পুরো সময় এ নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে বলে জানা গেছে।গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন নেতাকর্মী। ঘটনার ভিডিও ও খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একজন সাবেক সরকারপ্রধান ও নোবেলজয়ীকে হেনস্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে দূতাবাস।গত বুধবার রাতে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক পিটার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ড. ইউনূসের নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে। তাঁর সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।কনসাল জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ড. ইউনূস স্যারের নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে। স্যার যুক্তরাষ্ট্রে আসছেন আমাদের আগে কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। এ কারণে তার প্রটোকলের ঘাটতি ছিল। আমরা জানার পর ব্যবস্থা নিয়েছি। স্যারের সঙ্গে আমাদের এখন সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’ড. ইউনূস বর্তমানে কোথায় অবস্থান করছেন, জানতে চাইলে মোহাম্মদ মোজাম্মেল হক পিটার জানান, তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাইরে অন্য একটি অঙ্গরাজ্যে রয়েছেন। মঙ্গলবার তিনি নিজে গাড়ি চালিয়ে ড. ইউনূসকে সেখানে পৌঁছে দিয়েছেন। সেখানে একটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাবেক এই প্রধান উপদেষ্টা।জেএফকে বিমানবন্দরে হেনস্তার ঘটনা সম্পর্কে কনসাল জেনারেল বলেন, তাঁরা নিউইয়র্ক সিটি পুলিশের ডিপ্লোমেটিক পুলিশ বিভাগ এবং জেএফকে বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে লিখিতভাবেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।এর আগে গত মঙ্গলবার জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘স্থগিত থাকা (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন একদল অপরাধী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানির পেছনে রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।’
/বিএসএস