ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাঁদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় তিনি প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি তাঁদের বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন।
গত মঙ্গলবার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে আফজাল হোসেন ও আসমা বেগমের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে। মেয়েটি উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
প্রায় ১৪ বছর ধরে এই দম্পতি আলাদা থাকেন। তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। আফজাল হোসেন ও আসমা বেগম দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
/এসএন