ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী দৃষ্টিনন্দন এই উদ্যানটি ব্যবহারের সুযোগ পাবেন। জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষভাবে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
শাহে আলম জানান, নতুনভাবে সাজানো উদ্যানে রাখা হয়েছে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি এবং শিশুদের জন্য নির্দিষ্ট খেলার জায়গা। এ ছাড়া রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা।
তিনি আরও বলেন, সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত কাজ করে যাচ্ছে।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/এএসএফ