স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে এখনো কিছু ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচনকে তুলনামূলক জটিল ও ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন কমিটির সভাপতি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। ফলে নির্বাচন পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, নয়টি সাধারণ ওয়ার্ড, তিনটি সংরক্ষিত নারী আসন এবং চেয়ারম্যান পদের প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে উত্তেজনা বাড়তে পারে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তবে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা একমত হয়েছেন বলে জানান সেলিম রেজা হাবিব। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈঠকে উভয় পক্ষের সদস্যরাই দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
এদিকে বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট নতুন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সুপারিশ অনুযায়ী, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি অতীতের প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
/এএসএফ