• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ এএম


আবারও পুলিশের হাতে আট’ক নেহা বোরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ৫:৪৬ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে অংশ নিতে গিয়ে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌঁছান নেহা। তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যেতে পারেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে সরে যাচ্ছেন এই ছাত্রনেত্রী। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে প্রায় প্রতিটি বিক্ষোভের পরই তাঁকে আটক করেছে পুলিশ।

শনিবারও দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন নেহা। পরে তাঁকে আটক করা হয়।

রোববার বিক্ষোভের কৌশল পরিবর্তন করেন এই ছাত্রনেত্রী। কর্মসূচির স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে একটি ভিডিও প্রকাশের পর নির্ধারিত স্থানে পৌঁছে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন নেহা।

তবে দিন শেষে আবারও পুলিশের হাতে আটক হন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে বারবার আটকের শিকার হওয়া নেহা বোরা এবারও বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হলেন।

/এসএন