জ্বালানি তেলের দাম বাড়ায় আজ নির্ধারণ হবে গণপরিবহনের নতুন ভাড়া
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হবে আজ বৃহস্পতিবার। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেয়। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবুও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে অনেক জায়গায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
এমন পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তে কিছু পরিবর্তন আসতে পারে।