• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম


‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৮:৪৪ পিএম

বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রশ্নকে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ হিসেবে উল্লেখ করার পর তীব্র আপত্তির মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন। জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। হাসনাত আবদুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের জবাব দেওয়ার সময় এমন মন্তব্য করার বিষয়েও তারা আপত্তি জানান।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই।’

বিরোধী সদস্যদের প্রতিবাদ অব্যাহত থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ চান। স্পিকারও পরিস্থিতি থামাতে ব্যর্থ হলে একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’ এভাবে তিনি তার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, নাকি এ ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন—তা জানতে চান হাসনাত।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ প্রশ্ন করেন। জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’

এরপরই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে আপত্তি ও প্রতিবাদ দেখা দেয় এবং শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন।

/এসএন