প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতেই হবে। এর বাইরে কোনো কিছু হলে বিএনপি সরকার তাতে সম্মতি দেবে না।বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাহিরে কিছু হলে বিএনপি সরকার সায় দিবে না।’তিনি বলেন, ভারত যদি কোনো স্বার্থ ছাড়াই বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানায়, তাহলে সরকার সেটিকে সাধুবাদ জানাবে। তবে কোনো স্বার্থ জড়িত থাকলে বাংলাদেশ তাতে এগোবে না।রুহুল কবির রিজভী বলেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি। জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ও ওয়াদা বাস্তবায়ন করে।তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। শেখ হাসিনার আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি অবস্থায় রেখে গেছেন। কোথায় ঘরে ঘরে চাকরি? কোথায় বিনামূল্যে সার?’রিজভী আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা এসব প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেগুলো বাস্তবায়ন করা হয়নি। তাঁর ভাষায়, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস আওয়ামী লীগের নীতি ও সংস্কৃতি ছিল।তিনি বলেন, ‘বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সংস্কৃতি হলো ওয়াদা রক্ষা করা। সেই কাজ এখন চলছে।’সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতা বর্তমানে সংসদ সদস্য। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি জনগণের মধ্যে বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক দলের প্রধান দায়িত্ব।তিনি জানান, ইতিমধ্যে প্রতিটি পরিবারের নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল মওকুফ করা হয়েছে। সামাজিক উন্নয়নের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমান মোয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, সেটিও এখন বাস্তবায়িত হচ্ছে।তিনি আরও বলেন, ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার অনুযায়ী ছয় মাসে প্রায় আড়াই কোটি গাছ লাগানোর কথা থাকলেও এরই মধ্যে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে।এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে গত ছয় মাসে ১০ হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।
/বিএসএস