• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম


ঢাকায় চালু হচ্ছে শুধু নারীদের জন্য ‘মহিলা বাস’ সার্ভিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১১:০২ এএম

রাজধানী ঢাকায় চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে শুধু নারীরাই যাত্রী হিসেবে চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।

আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে রাজধানীবাসী এ বিশেষ বাস সার্ভিসের সুবিধা পাবেন। ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব ‘মহিলা বাস’ চলাচল করবে।

/এএসএফ