• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম


শেখ হাসিনাসহ হাদি হ/ত্যাকারীদের প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৫৬ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যর্পণ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় বিশেষ গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের জানান, সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এরপর দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শেখ হাসিনাকে ফেরাতে প্রক্রিয়া দ্রুত করার প্রত্যাশা

বৈঠকে বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া আরও দ্রুত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে বিষয়টি আবারও আলোচনায় আসে বলে জানানো হয়েছে।

হাদি হত্যাকারীদের ফেরানোর অনুরোধ

সাক্ষাতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা জানানো হয়েছে, ভারতে অবস্থানরত হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার ক্ষেত্রে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এ ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান এবং সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তাও বৈঠকে উঠে আসে।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীনেশ ত্রিবেদী সম্প্রতি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ সাক্ষাৎ দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও নতুন করে গুরুত্ব পেয়েছে।