জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি দেশের সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে, ঠিক সেই সময় দেশে ‘দর সমন্বয়’-এর নামে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশের মানুষ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে এবং পরিবহনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়বে।
জামায়াত আমির আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ে প্রতিফলিত হবে, যার ফলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
তিনি সরকারের প্রতি জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।