• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম


জুয়েলার্সে জাল নোটে স্বর্ণ কিনতে গিয়ে ধরা, উদ্ধার ৫৭ লাখ টাকার নোট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ১:২৭ পিএম

রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রায় ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দের স্বর্ণালংকার নির্বাচন করে বিল সম্পন্ন হওয়ার পর মূল্য পরিশোধের জন্য একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।

দোকানের কর্মচারীদের টাকাগুলো দেখে সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হলেও অপর সহযোগী পালিয়ে যান।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএন