• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম


বাংলাদেশের প্রত্যাবর্তনে আনন্দিত তুরস্ক, জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৯:২৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি তাকে বলেছেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, তবে এখন দেশটি আবার বিশ্বমঞ্চে ফিরে আসছে। এই অগ্রগতিতে তুরস্ক আনন্দিত বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান এ তথ্য তুলে ধরেন।তিনি বলেন, কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে বলেন, “বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশ আবার ফিরে আসছে। এতে আমরা খুব আনন্দিত।”পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীও জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে একই ধরনের বার্তা দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যও সেই অবস্থানেরই প্রতিফলন।ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি শুরু থেকেই ‘বাংলাদেশ ফার্স্ট’। এই নীতির আলোকে বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের অর্জন ও সাফল্য ধরে রাখার দায়িত্বও দেশের মানুষের।নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গত বছরের আগস্টের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সে সময় জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত তার কয়েকজন সাবেক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেন। তার মতে, বাংলাদেশে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত ছিল না।তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা হয়েছিল। পরে অন্তত কিছু ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হতে দেখা যায়। তার ধারণা, দেশের পরিস্থিতির পরিবর্তন ত্বরান্বিত করার ক্ষেত্রেও আন্তর্জাতিক উদ্যোগের একটি ভূমিকা ছিল।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত।

/বিএসএস