বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা যারা করছেন, তারা চাইলে তা বাস্তবায়নের চেষ্টা করে দেখতে পারেন। তবে মাঠে নামলেই কার কতটা সাহস ও সক্ষমতা রয়েছে, সেটি স্পষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি)-এ অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে।”এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কঠোর বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, “বাংলাদেশের আপামর জনগণ, ১ হাজার ৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত এবং লাখ-কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরব না।”
/বিএসএস