• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম


দেড় মাস পর চালু আদ্-দ্বীন হাসপাতাল, প্রথম দিনেই চিকিৎসা নিলেন ৬০৭ রোগী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৮:০০ পিএম

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মঙ্গলবার (২৮ জুলাই) থেকে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে।

এর আগে সোমবার বিকেলে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

লাইসেন্স পুনর্বহালের পর মঙ্গলবার সকাল ৮টা থেকে হাসপাতালটিতে পূর্ণোদ্যমে রোগীদের চিকিৎসাসেবা শুরু হয়। হাসপাতালটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।

মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত এই হাসপাতালে প্রথম দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বহির্বিভাগে মোট ৬০৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া নতুন করে ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই দিনে ৮ জন গর্ভবতী নারীর সিজারিয়ান ডেলিভারি এবং ৩ জনের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

বিদেশি ইন্টার্ন চিকিৎসক ইলিয়াস মানসুর বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা মানবিকভাবে ভেঙে পড়েছিলেন। কারণ, তাদের নিজ দেশে একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা ও ইন্টার্নশিপ সম্পন্ন না করলে ডিগ্রির অনুমোদন মেলে না। হাসপাতালটি পুনরায় চালু হওয়ায় তারা এখন রোগীদের চিকিৎসাসেবা দিতে দিতে ইন্টার্নশিপ শেষ করতে পারবেন। এ জন্য তিনি এবং তার পরিবার আনন্দ প্রকাশ করেন এবং হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়ায় সরকার ও আদ্-দ্বীন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যসেবা চালু রয়েছে। আন্তর্জাতিক মানের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা অনুসরণ করে এখানে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস সেবা দেওয়া হয়।

এছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন এড়িয়ে স্বাভাবিক প্রসব নিশ্চিত করার বিষয়ে আদ্-দ্বীন হাসপাতাল সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে। নামমাত্র মূল্যে আধুনিক ডায়ালাইসিস সেবা দিয়ে হাসপাতালটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবার অংশ হিসেবে ঢাকা শহরের মধ্যে মাত্র ৩৮০ টাকায় অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে।

/এসএন