প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। সফরকালে তিনি আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকেও মিলিত হবেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।
/বিএসএস