সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।ইনকিলাব মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।মিছিল-পরবর্তী সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু পাঁচ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
/বিএসএস