• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ এএম


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দেখতে চান শফিকুল আলম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৭:৫০ পিএম

রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে চান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার প্রয়োজন নেই; বরং রাষ্ট্রপতি পদের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধারের জন্যই তাকে প্রয়োজন।শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন শফিকুল আলমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে এমন এক বিশেষ মাহাত্ম্য আছে, যা বাংলাদেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি দায়িত্ব নিলে রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হতো। সত্যি বলতে, মির্জা ফখরুলের এই পদের প্রয়োজন নেই। সম্মান পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রপতি পদেরই তাকে প্রয়োজন।”তিনি আরও লেখেন, “আমাদের সময়ে তিনি ইতোমধ্যেই একজন সুপারস্টার। শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে তিনি সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার ব্যক্তিত্ব, প্রজ্ঞা এবং ইস্পাত-কঠিন সংকল্পই আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে।”

স্ট্যাটাসের শেষাংশে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে শফিকুল আলম বলেন, “মির্জা সাহেব, গত ২০ বছর ধরে আপনার রাজনীতির একজন একনিষ্ঠ ভক্ত আমি। আপনি রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করেছেন। আপনি রাজনীতিকে অর্থবহ করে তুলেছেন।”এর আগে একই দিনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

তার এই মতামতের পর শফিকুল আলমের বক্তব্যও বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাকে আরও জোরালো করেছে।উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/বিএসএস