• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ এএম


তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৫:১১ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে চালু থাকা স্টেশনগুলোতে ভোর থেকেই গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাস সংগ্রহ করতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক চালক অভিযোগ করেন, তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের ভাষ্য, জাতীয় গ্যাস গ্রিডে চাপ কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে আগের তুলনায় বেশি সময় লাগছে। কোথাও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কিছু ফিলিং স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে গেছে। এর সরাসরি প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসচাপের ওপর পড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। সমস্যা সমাধান হলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

/এসএন