সুরমা নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও নদী-তীরবর্তী ৯ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও কমে আসায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ভারতের উজান থেকে বর্তমানে বড় ধরনের পানির ঢল নেই এবং বৃষ্টিপাতও কমেছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেও আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে দুই জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।
তবে কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান জানিয়েছেন, ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে এসব জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী পাঁচ দিন এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি কমতে পারে। একই সময়ে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে কমলেও চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং হিমালয়-পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
/এসএন