• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম


প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, বাঁচল ৫০ লাখ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুন ২০২৬ ১০:১৭ পিএম

প্রতি বছর জাতীয় বাজেট পাসের পর অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নৈশভোজের দীর্ঘদিনের রেওয়াজ এবার থাকছে না। ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করেছে সরকার। এর ফলে প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছরের এই নৈশভোজে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে এবার সরকারি ব্যয় কমানোর নীতির অংশ হিসেবে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের পুরো প্রক্রিয়ায় জাতীয় সংসদে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল পৌনে ১০টা থেকে অধিবেশনে উপস্থিত থেকে তিনি বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণসহ বিভিন্ন আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন।

আতিকুর রহমান রুমন জানান, অধিবেশনের বিরতির সময়ও প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং জরুরি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরে অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকাও খরচ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

তার ভাষ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে শুধু আপ্যায়ন খাতেই ব্যয় হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা। সে সময় বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত। ওই সময়ের বিপুল পরিমাণ বকেয়া অর্থ বর্তমান সরকারকে ধাপে ধাপে পরিশোধ করতে হচ্ছে বলেও জানান তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান আপ্যায়ন ভাতা উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

সূত্র: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

/এএসএফ