জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান। এর আগে একই দিন সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শাওন। আটক শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার ভোরে শ্রাবন্তী তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে মা-ছেলেকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় বাড়ি থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে থানায় নিয়ে যায়।
নিহতের ফুফু সুমাইয়া বলেন, “গত রাতেও ভাতিজার সঙ্গে খেলেছি। সকালে শুনি সে আর নেই। আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
/এএসএফ