• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম


টেকনাফের শাহপরীর দ্বীপে সারি সারি কালেমার পতাকা, নজরদারিতে রেখেছে প্রশাসন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ১০:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে সড়কের বিভিন্ন স্থানে সারি সারি এসব পতাকা দেখা যায়। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।

স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় এসব পতাকা টাঙান। পরে তারা নিজেরাই সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয় এক যুবক ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে সুন্দর কালেমার পতাকা। এসব আয়োজন করেছে শাহপরীর দ্বীপের আল হিদায়া ছাত্র সংগঠন। এ দৃশ্য দেখে মনটা ভরে গেল।”

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। পরে সড়কে টাঙানো বেশ কিছু পতাকা কে বা কারা সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।

শাহপরীর দ্বীপের ডাঙারপাড়া এশা আতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, “আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে জানতে পেরে আমি গিয়ে কিছু পতাকা নামিয়েছি।”

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, “দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা আরও পতাকা উত্তোলন করব।”

তবে কেন এ ধরনের পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে—এ প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, হঠাৎ বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হওয়ায় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এটি করেছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক কালেমা লেখা সাদা পতাকা টাঙিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

/এএসএফ