ঢাকার সাভারে সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।
তিনি জানান, দুপুরে কোন্ডা এলাকার একটি সবজি ক্ষেতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথে তারও মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে একসঙ্গে তিন কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক।
সূত্র: পুলিশ
/এএসএফ