• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম


সুড়ঙ্গে লুকিয়েও রক্ষা হয়নি, ১৮ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার বিটিএল গ্রুপের সিইও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ৮:১০ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখানো, আসামি মুক্ত করে দেওয়ার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগের সুযোগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আল আমিন হোসাইন বলেন, টানা ১৮ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনার পর শনিবার দুপুর দেড়টার দিকে গুলশান-১ এলাকা থেকে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বছরের ২৩ ডিসেম্বর গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

আল আমিন হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানার একটি দল জানতে পারে যে আবুল বাশার গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন বলে জানায় পুলিশ। তবে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান চালিয়ে প্রায় ১৮ ঘণ্টা পর শনিবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

/এসএন