• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম


সাংহাই সম্মেলনের গ্রুপ ছবি থেকে মোদিসহ ৫ নেতাকে বাদ দিল পাকিস্তান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩০ পিএম

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানকে বাদ দিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ছবির কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরতেই ছবিটি ক্রপ বা সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের শীর্ষ সম্মেলন ঘিরে এ ঘটনা ঘটে। বুধবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্টে সম্পাদিত ছবিটি প্রকাশ করা হয়।ছবিটির ক্যাপশনে বলা হয়, ‘১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কিরগিজস্তানের বিশকেকে এসসিও কাউন্সেল অব হেডস অব স্টেট সামিটে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।’তবে ছবিতে শুধু নরেন্দ্র মোদিই নন, আরও কয়েকজন রাষ্ট্রপ্রধানকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রয়েছেন। অথচ তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবর দ্য প্রিন্টের।ইসলামাবাদের এই ফটো সম্পাদনার মূল উদ্দেশ্য ছিল শাহবাজ শরিফকে ছবির মাঝখানে রেখে তাকে সম্মেলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মূল গ্রুপ ছবিতে কোনো রাষ্ট্রপ্রধানকে বাদ দেওয়া হয়নি। ওই ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ অবস্থানে দাঁড়িয়ে আছেন।পাকিস্তানের এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের কারসাজি নিয়ে ভারতের বিভিন্ন মহলে দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতীয় সাংবাদিক জাফর চৌধুরী এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অরাজনৈতিক ও অমর্যাদাকর হিসেবে উল্লেখ করেন।তিনি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মধ্যমণি ও কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখানোর জন্য এসসিওর সদস্য রাষ্ট্রগুলোর পাঁচ নেতাকে গ্রুপ ছবি থেকে ক্রপ করে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল হ্যান্ডেল থেকে এমন ছবি প্রকাশের বিষয়টিকে তিনি আরও লজ্জাজনক বলেও মন্তব্য করেন।এদিকে, বিশকেকে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি নিয়ে আলোচনা চলছিল, তখন এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি সন্ত্রাসবাদকে ‘রাষ্ট্রীয় নীতির হাতিয়ার’ হিসেবে ব্যবহার না করার জন্য বিভিন্ন দেশের প্রতি জোরালো সতর্কবার্তা দেন। একই সঙ্গে সন্ত্রাসে অর্থায়ন, সন্ত্রাসী নিয়োগ, উগ্রবাদ এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।মোদি বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের প্রতি স্পষ্ট বার্তা দিতে হবে—সন্ত্রাসবাদকে কোনোভাবেই কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করা যাবে না।উল্লেখ্য, এবারের এসসিও শীর্ষ সম্মেলনের পর কিরগিজ প্রজাতন্ত্রের কাছ থেকে জোটটির পরবর্তী সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান। ফলে পরবর্তী সময়ে এসসিওর শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব ইসলামাবাদের ওপর থাকবে।

/বিএসএস