যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করেছে তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সরাসরি সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর হামলা শুরুর পর কার্যত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি শেষ হয়ে যায়। বৃহস্পতিবারের প্রথম প্রহরে শুরু হওয়া এই হামলাকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
হামলার পরপরই হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে সক্রিয় হয়ে ওঠে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থল, নৌ ও আকাশপথে পুরো অঞ্চলে ব্যাপক সামরিক তৎপরতা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনীও পূর্ণমাত্রার যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে পাল্টা প্রতিরোধ ও আক্রমণাত্মক কার্যক্রম শুরু করেছে।
এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। তেহরান ওই এলাকায় সব ধরনের নৌ চলাচলের ওপর কঠোর সতর্কবার্তা জারি করেছে।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রাত পৌনে ১টার পর থেকে হরমুজগান প্রদেশের কিশমি, সিরিক, বন্দর আব্বাস এবং মিনাবসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। বন্দর আব্বাসের পূর্ব ও পশ্চিম আকাশেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা এবং সেন্টকম জানিয়েছে, দক্ষিণ ইরানে তাদের সামরিক অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর আশপাশ এবং হরমুজগান প্রদেশকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, মার্কিন হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পারস্য উপসাগরের পানিসীমায় নৌযুদ্ধের তীব্র শব্দ শোনা যায়। একই সঙ্গে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও পাওয়া যাচ্ছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক পাল্টা অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ইসলামী রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর জনসংযোগ শাখা জানিয়েছে, পারস্য উপসাগরের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধাওয়া করে। পরে বিমানটি দ্রুত ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয় বলে দাবি করেছে তারা।
এদিকে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কৌশলগত এই সমুদ্রপথে কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে আইআরজিসির কমান্ডার হরমুজ প্রণালীতে নৌ চলাচলের জন্য নতুন নিয়ম ও কঠোর প্রটোকল ঘোষণা করেছেন।
/এসএন