মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ আরও মুসলিম দেশকে যুক্ত করার দাবি জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশকেও অন্তর্ভুক্ত করা উচিত।
সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত একটি বিশাল গাজা মার্চে অংশ নিয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা স্থায়ীভাবে বন্ধ করা।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন হাফিজ নাঈম।
তিনি বলেন, শুধু ফিলিস্তিন বা গাজা নয়, কাশ্মীরের নিপীড়িত মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার লক্ষ্যেও মুসলিম উম্মাহকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শিয়া-সুন্নী বিভেদ কিংবা ভৌগোলিক দূরত্বকে পাশে রেখে একসঙ্গে লড়াই করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে হাফিজ নাঈম জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল এবং সহযোগী সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে।
গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার বিষয়ে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল ঘোষণা করা হবে বলে জানান জামায়াতের এই নেতা।
/এসএন