• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ এএম


ইসরাইলে ২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ১১:৩০ পিএম

রোববার রাত থেকে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে মোট ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর বরাতে প্রকাশিত টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের দাবি, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র হয় আকাশেই প্রতিহত করা হয়েছে, নয়তো জনবসতিহীন খোলা এলাকায় গিয়ে পড়েছে। ফলে সর্বশেষ এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরাইলি বাহিনী আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় মার্কিন বাহিনীও সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তারা।

লেবাননে ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীও সোমবার সকালে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর জবাবে ইসরাইলি বাহিনী ইরানের ভেতরে দুই দফা পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। যদিও হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথমবারের মতো ইরান ও ইসরাইল সরাসরি সামরিক সংঘাতে জড়াল। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে অঞ্চলজুড়ে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

/এএসএফ