• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল ইইউ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ১১:০৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজা কালাস বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে শান্তি আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতির এক অনিশ্চিত চক্রে আটকে আছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে তেহরানের ড্রোন কার্যক্রম আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের এসব পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কালাস আরও জানান, হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউ সদস্য রাষ্ট্রগুলো সংশ্লিষ্ট ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের সম্পদ জব্দ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ইরানের তেল রফতানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত এবং তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কাজা কালাস উল্লেখ করেন, নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় প্রণীত নতুন নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় এই প্রথমবারের মতো কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

/এএসএফ