• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ এএম


‘ইরান চুক্তি মানতেই হবে’, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ৬:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছালে তা মেনে নেওয়া ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বিকল্প থাকবে না।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই রয়েছে এবং নেতানিয়াহুর আলাদা কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।

গত এপ্রিলের শুরুতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে রোববার (৮ জুন) গভীর রাতে ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।

একই সময়ে ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইতোমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীর সাম্প্রতিক কঠোর অবস্থানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক।

ইসরাইলের ওপর ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনা বা সম্ভাব্য চুক্তি প্রক্রিয়াকে প্রভাবিত করবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘এই হামলাগুলোর শেষ পরিণতি কী হয়, তা এখনই বলা যাচ্ছে না। তবে এগুলো চুক্তির ওপর বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না।’

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেন, ‘এই দ্বন্দ্ব ৩ হাজার বছর কিংবা ৪৭ বছর ধরে বিভিন্নভাবে চলেই আসছে।’

এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখন ইসরাইলি নেতৃত্বের প্রতি ট্রাম্পের এই কঠোর বার্তা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

/এএসএফ