• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম


দিল্লির হোটেলে ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ড, হ’তাহ’তদের মধ্যে ৫ বাংলাদেশি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ১১:২৬ পিএম

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।

বুধবার (৪ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ২১ জনের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিক নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় আহত অন্তত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপাবলিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে অবস্থান করছিলেন।

বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশি নাগরিক বর্তমানে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার সময় প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রথমদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হলেও তদন্তকারীরা এখন বিদ্যুতের শর্ট সার্কিটকে আগুনের উৎস হিসেবে বিবেচনা করছেন।

শুরুতে ধারণা করা হয়েছিল, পাশের ‘লেমন গ্রিন’ রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে হোটেলে পৌঁছায়। তবে পরবর্তীতে পুলিশ জানায়, আগুনের সূত্রপাত হোটেল ভবনের ভেতরেই হয়েছিল।

তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হোটেলটির অনুমোদন ছিল মাত্র ছয়টি কক্ষ পরিচালনার জন্য। কিন্তু বাস্তবে সেখানে প্রায় ২৫টি কক্ষ পরিচালিত হচ্ছিল। ফলে ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ভারতে আবাসিক হোটেলগুলোতে অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। সর্বশেষ এই ঘটনার পর হোটেলটির লাইসেন্স, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা সনদের বৈধতা ও কার্যকারিতা যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এসএন