• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম


গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গে নজির গড়লেন কলিতা মাঝি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:৫৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভার আউশগ্রাম আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক কলিতা মাঝি রাজ্য সরকারের প্রতিমন্ত্রী (এমওএস) হিসেবে শপথ গ্রহণ করেছেন। একসময় মাসে মাত্র ২ হাজার ৫০০ টাকা বেতনে গৃহপরিচারিকার কাজ করা এই নারী এখন রাজ্যের মন্ত্রিসভার সদস্য।

সোমবার (১ জুন) লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলিতা মাঝি বলেন, “এখন গোটা রাজ্যের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে।”

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সংসারের আর্থিক সংকট মোকাবিলায় একসময় বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন কলিতা। তার স্বামী পেশায় কলের মিস্ত্রি। স্বামী ও এক সন্তানকে নিয়ে ছোট্ট সংসারে বাড়তি আয়ের প্রয়োজনেই তাকে এই কাজ করতে হয়েছিল।

তবে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। বিজেপির হয়ে প্রায় সাত বছর সক্রিয় রাজনীতি করার পর ২০২১ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। যদিও সে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্ডারের কাছে ১১ হাজার ৮১৫ ভোটে পরাজিত হন।

তবে দল তার ওপর আস্থা রাখে। পরবর্তী নির্বাচনে আবারও মনোনয়ন পেয়ে জয় ছিনিয়ে আনেন কলিতা মাঝি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি জায়গা পেলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায়।

নতুন দায়িত্ব পেয়ে কলিতা বলেন, “আমি গরিব পরিবারের একজন বধূ। তাই গরিব মানুষের কষ্ট বুঝি। বিধায়ক হয়েছি, এখন মন্ত্রীও হয়েছি, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। আমি কোনো আড়ম্বর চাই না। আউশগ্রামের মানুষের জন্য কাজ করতে চাই।”

স্থানীয়দের মতে, আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এই প্রথম কোনো বিধায়ক পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় স্থান পেলেন। ফলে কলিতার এই সাফল্যে আনন্দিত এলাকার সাধারণ মানুষও।

/এএসএফ