• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম


ছাগলের হাট বসানো নিয়ে বিএনপি-যুবদল-ছাত্রদলের সং/ঘ/র্ষ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:৩১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কুরবানির ঈদ উপলক্ষে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এবং আশপাশের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, প্রতি বছর কুরবানির ঈদ সামনে রেখে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও সংলগ্ন সড়কে ছাগলের হাট বসে। এবার সেই হাট কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

স্থানীয় বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের এক পদধারী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, থানা বিএনপির নেতা এনায়েতুল হাফিজ এবং স্বেচ্ছাসেবকদল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে প্রথমে হাট বসানো নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের সঙ্গে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের আরও নেতাকর্মী যোগ দিলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি এবং ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ কয়েকজন একপক্ষ হয়ে সংঘর্ষে জড়ান।

অন্যদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি পক্ষ সংঘর্ষে অংশ নেয় বলে জানা গেছে।

ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং কিছু সময়ের জন্য পুরো এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে ছিল।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি সামান্য বাকবিতণ্ডার ঘটনা বলে জানা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।