যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে পুনর্ব্যবহারযোগ্য ইটে রূপান্তর করে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে দুই কিশোরী বোন ফারাহ ও তালা মুসা। নিজেদের শহরের ধ্বংসযজ্ঞ থেকেই এই উদ্ভাবনের অনুপ্রেরণা পেয়েছে তারা।বোমা হামলায় বাড়ি বিধ্বস্ত হওয়ার পর একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে পরিবারটি। বর্তমানে তাঁবুতে বসবাস করলেও কঠিন বাস্তবতার মাঝেই তরুণদের জন্য আয়োজিত ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য আঞ্চলিক বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে দুই বোন।
১৭ বছর বয়সী তালা মুসা বিবিসিকে বলেন, “আমাদের পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর চারপাশের সবকিছুই আমাদের একটি সমাধান নিয়ে ভাবতে বাধ্য করেছে।”জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। ২০২৫ সালের শুরুতে গাজার ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয় প্রায় ৭০ বিলিয়ন ডলার। একই সঙ্গে রাস্তাজুড়ে জমে আছে লাখ লাখ টন ধ্বংসাবশেষ।
গত আগস্টে নিজেদের বাড়ি ধ্বংস হওয়ার পর ফারাহ ও তালা তাঁবুর পাশে পরীক্ষামূলকভাবে কয়েকটি ব্লক তৈরি করে। ধ্বংসস্তূপ চূর্ণ করে, জঞ্জাল ছেঁকে তার সঙ্গে মাটি, ছাই ও কাচের গুঁড়ো মিশিয়ে তারা এই ব্লক তৈরি করে।পরীক্ষামূলকভাবে তৈরি ব্লকগুলো খারাপ আবহাওয়ায় এক প্রতিবেশীর তাঁবু ধরে রাখতে ব্যবহার করা হয়েছিল।
ফারাহ মুসা জানান, কম খরচে ও হালকা ওজনের এই ব্লকগুলো ফুটপাত, পার্টিশন ও বাগানের মতো ভার-বহনকারী নয় এমন কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।৫০০ ডলারের পুরস্কারের অর্থ দিয়ে অন্যদের এই ইট তৈরির প্রশিক্ষণ দিতে চায় দুই বোন। তাদের লক্ষ্য, বাইরের সহায়তার অপেক্ষায় না থেকে গাজার মানুষ নিজেরাই পুনর্গঠনের কাজে অংশ নিক।
সূত্র: বিবিসি
/বিএসএস