• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম


আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ৭:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ (Trump Ocean) কিংবা ‘আমেরিকার মহাসাগর’ (Ocean of the Americas) রাখার ধারণা তুলে ধরেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ঘোষণা করেননি তিনি।শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। আগামী ২০২৮ সালে তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই একটি মহাসাগর ও একটি বড় নদীর নাম পরিবর্তন করতে চান বলে ইঙ্গিত দেন তিনি। খবর ওয়াশিংটন পোস্ট ও ইন্ডিয়া টুডের।সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে। এখন কেউ একজন বলেছে, আমাদের একটি নদীও দরকার। আমাদের একটি নদী দরকার, একটি মহাসাগরও দরকার।’এরপর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এর নাম রাখব “ট্রাম্প মহাসাগর” অথবা “আমেরিকার মহাসাগর”—এ রকম কিছু একটা।’এ সময় সমাবেশে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়। ট্রাম্প বলেন, ‘আমি চলে যাওয়ার আগে আমাদের একটি মহাসাগর থাকা উচিত। আর আমাদের একটি বড় নদীও দরকার।’এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ (Gulf of America) রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। ২০২৫ সালে তাঁর প্রশাসন এ পরিবর্তনের উদ্যোগ নেয়। পরে ২০২৬ সালের আগস্টে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অন্টারিও হ্রদের নাম যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবস্থায় ‘আমেরিকা হ্রদ’ (Lake America) করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।এসব নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। বিশেষ করে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে মেক্সিকোর সঙ্গে বিরোধ দেখা দেয়। নতুন নাম ব্যবহারের প্রশ্নে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গেও ট্রাম্প প্রশাসনের বিরোধ তৈরি হয়েছিল।এদিকে, শনিবারের সমাবেশে ট্রাম্প হাডসন ও মিসিসিপি নদীর নাম পরিবর্তন না করার কথাও জানিয়েছেন। হাডসন নদীর নামের সঙ্গে যুক্ত অভিযাত্রী হেনরি হাডসনের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, নদীটির নাম পরিবর্তন করতে চান না। অন্যদিকে, মিসিসিপি অঙ্গরাজ্যের প্রতি নিজের ভালো লাগার কথা উল্লেখ করে ওই নদীর নামও অপরিবর্তিত রাখার ইঙ্গিত দেন তিনি।তবে আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের বক্তব্য এখনো সমাবেশে দেওয়া ধারণা ও মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নাম পরিবর্তনের প্রস্তাব ঘোষণা করা হয়নি।

/বিএসএস