• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম


পশ্চিমবঙ্গে শুভেন্দুর সহকারীকে দুর্বৃত্তরা যেভাবে খুন করল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১২:৪৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়িচালকও। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বেশ কয়েক দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির ওপর নজরদারি করছিল।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই। তিনি শুভেন্দুর ঘনিষ্ঠ আপ্তসহায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন এবং প্রায় সব সময় তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন।

এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভবানীপুর আসনের নির্বাচনী দায়িত্বেও চন্দ্রনাথকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিমানবাহিনীর সাবেক কর্মী চন্দ্রনাথ অবসরের পর শুভেন্দুর হাত ধরে রাজনীতিতে যুক্ত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়িতে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, দুষ্কৃতকারীরা একটি গাড়ি নিয়ে চন্দ্রনাথের চলাচলের ওপর নজর রাখছিল। রাতে তিনি যখন দোহারিয়ার বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেলে করে তাঁকে অনুসরণ করা হচ্ছিল।

চন্দ্রনাথের গাড়ি কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট পেরিয়ে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় ঢোকার সময় যশোর রোডের ডান পাশের একটি মোড়ে হামলাকারীরা তাঁর গাড়ির পথরোধ করে।

এরপর পেছন থেকে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা গাড়ির কাছে গিয়ে সামনের আসনে বসা চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে। গুলিগুলো সামনের কাচ ভেদ করে তাঁর শরীরে লাগে। এ সময় পাশে থাকা চালকও আহত হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গুরুতর আহত চন্দ্রনাথকে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাঁর মরদেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতারা। সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

শুভেন্দু অধিকারী এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা যে প্রাইভেট কার ব্যবহার করেছিল, সেটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বরপ্লেট শিলিগুড়ির হলেও সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। এখন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে বিজেপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, এ ঘটনায় স্থানীয় কিছু তৃণমূল নেতার সংশ্লিষ্টতা থাকতে পারে।

/এইচটি