• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম


রাজধানীতে লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১২:৪৩ পিএম

রাজধানী ঢাকায় লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে পুলিশ। এ বিষয়ে বুধবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত যানবাহন ঢাকা মহানগর এলাকায় না চালানোর জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কিছু লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন রাজধানীতে চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই বিভিন্ন সড়ক, উড়ালসড়ক (ফ্লাইওভার) ও সেতুর ওপর বিকল হয়ে পড়ে মারাত্মক যানজট সৃষ্টি করছে।

এ কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সড়ক নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ শেষ হয়ে যাওয়া সব ধরনের লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের একটি প্রজ্ঞাপনের তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে যদি কেউ ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহন, বিশেষ করে লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী গাড়ি চালায়, তাহলে তাদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে। অভিযানে জরিমানা করা ছাড়াও যানবাহন ডাম্পিংয়ে পাঠানোর মতো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এইচটি