পশ্চিমবঙ্গে ভোট গণনার পরবর্তী সহিংসতায় চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া পৃথক ঘটনায় তিন পুলিশ সদস্য ও কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) রাতে বিভিন্ন জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।উদয়নারায়ণপুরে ৪৮ বছর বয়সী এক বিজেপি সমর্থক যাদব বরকে মারধরের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে মারধর করা হয়।অন্যদিকে, কলকাতার নিউ টাউনে বিজয় মিছিলে হামলার ঘটনায় বিজেপি কর্মী মধু মণ্ডলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।এছাড়া উত্তর ২৪ পরগনার নাজাত এলাকায় পুলিশের টহল চলাকালে দুর্বৃত্তদের গুলিতে একাধিক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনাগুলোর পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে, তবে উত্তেজনা এখনও বিরাজ করছে।
/বিএসএস