• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম


ইরানকে ফাঁসাতে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট: প্রেস টিভি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ১১:৩৮ পিএম

ইরানকে ফাঁসানো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন সংঘাতে জড়িয়ে ফেলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান একটি সাজানো বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে অবগত এক আঞ্চলিক সূত্র এমন দাবি করেছেন। তার বক্তব্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে দখলকৃত অঞ্চলের উদ্দেশে যাত্রা করা একটি আমিরাতি বিমান ছিনতাই এবং পরে সেটিকে সৌদি আরবে অবতরণের যে ‘অযৌক্তিক দৃশ্যপট’ তৈরি করা হয়েছিল, তা গত বুধবার বাস্তবায়ন করা হয়।প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের মাত্র তিন দিন পরই এই ঘটনা ঘটে। ওই সফরের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আমিরাত গিয়েছিলেন।আঞ্চলিক ওই সূত্রের দাবি, নেতানিয়াহুর আমিরাত সফরের সময়ই কথিত এই প্রকল্প নিয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সফরকালে ইসরায়েলি ভূখণ্ডের আঞ্চলিক প্রকল্পগুলোতে সংযুক্ত আরব আমিরাতকে ভূমিকা দেওয়ার পাশাপাশি, একটি সাজানো ‘ফ্ল্যাগ অপারেশন’ পরিচালনা করে এর দায় ইরানের ওপর চাপানোর বিষয়ে আরব অঞ্চলের আরও কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলেও দাবি করেন তিনি।সূত্রটির ভাষ্য অনুযায়ী, কথিত এই অপারেশনের প্রধান লক্ষ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন একটি সংকটে জড়িয়ে ফেলা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করা।নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার চেষ্টাপ্রেস টিভির প্রতিবেদনে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ওই সূত্রের বক্তব্য তুলে ধরা হয়েছে। সূত্রটি দাবি করেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলে নেসেট নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে ব্যর্থ হতে পারে—এমন আশঙ্কায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।সূত্রটির দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে প্রধানমন্ত্রী পদ হারানোর পর নেতানিয়াহুকে তার রাজনৈতিক জীবনের বাকি সময় কারাগারে কাটাতে হতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহু হোয়াইট হাউজ এবং ব্যক্তিগতভাবে ট্রাম্পের ওপর নিজের প্রভাব কাজে লাগিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আবারও সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাইছেন বলে ওই সূত্র দাবি করেছে।নিজের রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহু ‘আমেরিকার অস্ত্র, অর্থনীতি এবং ক্রমহ্রাসমান বিশ্বস্বীকৃতি’ ব্যবহার অব্যাহত রাখতে চান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো জিম্মি করার তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই আঞ্চলিক সূত্র সতর্ক করে বলেছেন, কথিত পূর্বপরিকল্পিত বিমান ছিনতাইয়ের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরও কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার বিরুদ্ধেও প্রস্তুতি রাখা হয়েছে।ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। এমন পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট পক্ষগুলো কথিত এই ‘সাজানো নাটক’ ও ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ নিয়ে অনুশোচনা করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি। ফলে বিমান ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল এবং এর পেছনে কারা ছিল—এমন দাবিগুলোকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও তাদের উদ্ধৃত আঞ্চলিক সূত্রের বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।

/বিএসএস