ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ।তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলিয়া খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত দেখেছিলেন তিনি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তায়্যেবেহ মাহরুযাদেহ বলেন, ওই রাতে মোজতবা সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় ছিলেন।তায়্যেবেহ মাহরুযাদেহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলিয়া খামেনির বাসভবন ও দপ্তরে চালানো এক হামলায় জাহরা নিহত হয়েছিলেন।গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলিয়া খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে জনমনে নানা কৌতূহল তৈরি হয়েছিল। কারণ দাফন ও শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিও রেকর্ডে তাকে দেখা যায়নি। এতে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও, এরপর থেকে তিনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। তার সব নির্দেশ লিখিতভাবেই প্রকাশ করা হচ্ছে।এদিকে, শাশুড়ির এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে ইরানের সরকারি ও সংশ্লিষ্ট মহলের কয়েকজন ব্যক্তি এর আগে মোজতবা খামেনির সুস্থতার কথা দাবি করে আসছেন।
সূত্র: ইরানওয়্যার
/বিএসএস