ছবি: সংগৃহীত
ফ্রান্সে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই ফরাসি পুলিশ বিষয়টি তদন্তের আওতায় নিয়েছে।
রোববার (৩ মে) রাতে শিক্ষার্থীর আবাসিক হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ফরেনসিক পরীক্ষার জন্য প্যারিস সংলগ্ন একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ (২৪)। তিনি প্যারিসে অবস্থিত একটি বিজনেস স্কুলে এমবিএ প্রথম বর্ষে অধ্যয়ন করছিলেন।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়কারী ফোনের মাধ্যমে মহাদেবের পরিচিতজনদের বিষয়টি জানান। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের সন্তান। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি ফ্রান্সে গিয়েছিলেন।
তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।